11পরে দাউদ যাজক সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন।
12তিনি তাদের বললেন, “আপনারা লেবীয় গোষ্ঠীর কর্তাব্যক্তি; আপনাদেরই নিজেদের ও আপনাদের সহকর্মী লেবীয়দের পবিত্র করতে হবে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির জন্য আমি যে স্থানটি প্রস্তুত করে রেখেছি, সেখানে সেটি নিয়ে আসতে হবে।
13আপনারা, এই লেবীয়রা যেহেতু প্রথমবার সেটি তুলে আনেননি, তাই আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের বিরুদ্ধে ক্রোধে ফেটে পড়েছিলেন। বিধানানুসারে কীভাবে তা করতে হয়, সে বিষয়েও আমরা তাঁর কাছে কিছু জানতে চাইনি।”
14তাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য যাজক ও লেবীয়েরা নিজেদের পবিত্র করলেন।
15সদাপ্রভুর বাক্যানুযায়ী মোশি যে আদেশ দিলেন, সেই আদেশানুসারে লেবীয়েরা নিজেদের কাঁধের উপর খুঁটিতে চাপিয়ে ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি বহন করলেন।