5শমূয়েল তাদের বললেন, “সদাপ্রভুই তোমাদের বিরুদ্ধে সাক্ষী রইলেন, আর আজ এই দিনে তাঁর অভিষিক্ত-জনও সাক্ষী রইলেন, যে তোমরা আমার হাতে কিছুই পাওনি।” “তিনিই সাক্ষী,” তারা বলল।
6তখন শমূয়েল লোকদের বললেন, “সদাপ্রভুই মোশি ও হারোণকে নিযুক্ত করেছিলেন ও তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন।
7এখন তাই, এখানে দাঁড়াও, যেহেতু আমি সদাপ্রভুর সামনেই তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জন্য সদাপ্রভুর করা সব ন্যায়নিষ্ঠ কাজের প্রমাণ তোমাদের কাছে তুলে ধরছি।
8“যাকোব মিশরে প্রবেশ করার পর, তারা সাহায্য পাওয়ার আশায় সদাপ্রভুর কাছে আর্তনাদ করেছিল, এবং সদাপ্রভু মোশি ও হারোণকে পাঠিয়ে দিয়েছিলেন। তাঁরা তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে এনে এই স্থানেই তাদের স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন।
9“কিন্তু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেল; তাই তিনি তাদের হাৎসোরের সৈন্যদলের সেনাপতি সীষরার হাতে এবং ফিলিস্তিনীদের ও মোয়াবের রাজার হাতে বিক্রি করে দিলেন, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করল।