2রাজা ও তাঁর কর্মকর্তারা এবং জেরুশালেমের সমগ্র জনসমাজ দ্বিতীয় মাসে নিস্তারপর্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
3নির্দিষ্ট সময়ে তারা সেটি পালন করতে পারেননি, কারণ যথেষ্ট পরিমাণ যাজক ঈশ্বরের উদ্দেশে তখন নিজেদের উৎসর্গ করেননি এবং প্রজারাও তখন জেরুশালেমে সমবেত হয়নি।
4রাজা ও সমগ্র জনসমাজ, উভয়ের কাছেই পরিকল্পনাটি সমুচিত বলে মনে হল।
5লোকজন যেন জেরুশালেমে এসে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করতে পারে, সেই লক্ষ্যে তারা বের-শেবা থেকে দান পর্যন্ত, ইস্রায়েলে সর্বত্র লোক পাঠিয়ে সেকথা ঘোষণা করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বিষয়ে যেমনটি লিখে রাখা হল, সেই নিয়মানুসারে, মানুষজনের পক্ষে একসাথে মিলিত হয়ে সেই পর্বটি পালন করা সম্ভব হয়নি।
6রাজার আদেশে, রাজার ও তাঁর কর্মকর্তাদের কাছ থেকে চিঠিপত্র নিয়ে ডাকহরকরারা ইস্রায়েল ও যিহূদার সর্বত্র চলে গেল; সেই চিঠিপত্রের ভাষা ছিল এইরকম: “হে ইস্রায়েলী প্রজারা, অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে তোমরা ফিরে এসো, যেন তোমরা যারা অবশিষ্ট আছ, যারা আসিরিয়ার রাজাদের হাত থেকে রক্ষা পেয়েছ, তোমাদের কাছে তিনিও ফিরে আসেন।