9কিন্তু শলোমন তাঁর কাজকর্ম করার জন্য ইস্রায়েলীদের কাউকে ক্রীতদাস করেননি; তারা তাঁর যোদ্ধা, সৈন্যসামন্তের সেনাপতি, এবং তাঁর রথ ও সারথিদের সেনাপতি হল।
10এছাড়াও তারা রাজা শলোমনের প্রধান কর্মকর্তা—এমন 250 জন কর্মকর্তা হল, যারা লোকদের তত্ত্বাবধান করত।
11ফরৌণের মেয়ের জন্য শলোমন যে প্রাসাদটি নির্মাণ করলেন, দাউদ-নগর থেকে তিনি তাঁকে সেখানে নিয়ে এলেন, কারণ তিনি বললেন, “আমার স্ত্রী ইস্রায়েলের রাজা দাউদের প্রাসাদে থাকবে না, কারণ যে যে স্থানে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক প্রবেশ করেছে, সেই সেই স্থান পবিত্র হয়ে গিয়েছে।”
12দ্বারমণ্ডপের সামনের দিকে শলোমন সদাপ্রভুর যে বেদিটি তৈরি করলেন, সেটির উপরে তিনি সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করলেন।
13সাব্বাথবারের, অমাবস্যার ও তিনটি বাৎসরিক উৎসবের—খামিরবিহীন রুটির উৎসব, সাত সপ্তাহের উৎসব ও কুটিরবাস-পর্ব—জন্য মোশির আদেশমতো প্রাত্যহিক নৈবেদ্যের যে চাহিদা তুলে ধরা হল, সেই অনুসারেই তিনি তা করলেন।