ইষ্টের 6

1সেরাতে রাজা ঘুমাতে পারছিলেন না; সেইজন্য তিনি আদেশ দিলেন যেন তাঁর কাছে, তাঁর সময়ের ঘটনাপঞ্জী এনে পড়া হয়।

2সেখানে দেখা গেল যে বিগথন ও তেরশ নামে রাজার দুজন দ্বাররক্ষী রাজা অহশ্বেরশকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।

3রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে।” রাজার পরিচর্যাকারী বলল, “কিছুই করা হয়নি।”

4রাজা বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামন যে ফাঁসিকাঠ তৈরি করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ির বাইরের দরবারে এসেছিল।

5রাজার পরিচর্যাকারীরা বলল, “হামন দরবারে দাঁড়িয়ে আছেন।” রাজা বললেন, “তাকে ভিতরে নিয়ে এসো।”

6হামন ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চায় তার জন্য কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, “আমাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন?”

7সেইজন্য সে উত্তরে বলল, “রাজা যাকে সম্মান দেখাতে চান,

8তার জন্য রাজার একটি রাজপোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় মুকুট পরানো থাকে রাজার সেই ঘোড়াও আনা হোক।

9তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের লোকদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক, রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হয়।”

10রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ির দ্বারে বসা সেই ইহুদি মর্দখয়ের প্রতি তেমনি করো। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”

11তখন হামন রাজপোশাক এবং ঘোড়া নিল এবং মর্দখয়কে রাজপোশাক পরিয়ে ও ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করল, “রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হবে!”

12এরপর মর্দখয় আবার রাজবাড়ির দ্বারে ফিরে গেলেন। কিন্তু হামন দুঃখে মাথা ঢেকে তাড়াতাড়ি করে ঘরে গেল,

13এবং তার প্রতি যা ঘটেছে তা সব তার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধুদের বলল। তার পরামর্শদাতারা ও তার স্ত্রী সেরশ তাকে বলল, “যার সামনে তোমার এই পতন আরম্ভ হয়েছে, সেই মর্দখয় যদি ইহুদি বংশের লোক হয় তবে তার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারবে না—নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবে!”

14তারা তখনও তার সঙ্গে কথা বলছে এমন সময় রাজার নপুংসকেরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের প্রস্তুত করা ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.