1পরে সদাপ্রভু মোশিকে বললেন:
2“প্রথম মাসের প্রথম দিনে সমাগম তাঁবু, সেই আবাসটি প্রতিষ্ঠিত করো।
3বিধিনিয়মের সিন্দুকটি সেটির মধ্যে রেখে দাও এবং সিন্দুকটি পর্দা দিয়ে ঢেকে দাও।
4টেবিলটি এনে সেটির উপরে সব জিনিসপত্র সাজিয়ে রাখো। পরে দীপাধারটি এনে সেটির প্রদীপগুলি জ্বালিয়ে দাও।
5বিধিনিয়মের সিন্দুকটির সামনে সোনার ধূপবেদিটি এনে রাখো এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে পর্দা টাঙিয়ে দাও।