1“হে মানবসন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো আর বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ, রোশ, মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা, আমি তোমার বিপক্ষে।
2আমি তোমাকে পিছনে ঘুরিয়ে টেনে নিয়ে যাব। আমি তোমাকে উত্তর দিকের শেষ সীমা থেকে নিয়ে এসে ইস্রায়েলের পাহাড়গুলির বিরুদ্ধে পাঠাব।
3তারপর আমি আঘাত করে বাঁ হাত থেকে তোমার ধনুক ও ডান হাত থেকে তোমার তিরগুলি ফেলে দেব।
4ইস্রায়েলের পাহাড়গুলির উপরে তুমি, তোমার সব সৈন্যেরা ও তোমার সঙ্গের জাতিরা পড়ে থাকবে। আমি তোমাকে হিংস্র পাখি ও বুনো পশুদের খাবার হিসেবে দেব।
5তুমি খোলা মাঠে পড়ে থাকবে, কারণ আমি সদাপ্রভু এই কথা বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।