17এই অনুষ্ঠানের জন্য তারা একশোটি বলদ, 200-টি পুংমেষ, 400-টি মদ্দা মেষশাবক বলিরূপে উৎসর্গ করল এবং সব ইস্রায়েলীর পাপার্থক নৈবেদ্যের উদ্দেশে বারোটি পাঁঠার এক-একটি, ইস্রায়েলের এক-একটি গোষ্ঠীর জন্য উৎসর্গ করা হল।
18মোশির পুস্তকে লিখিত বিধান অনুসারে জেরুশালেমে ঈশ্বরের সেবাকার্যের জন্য যাজকদের, তাদের বিভাগ অনুসারে এবং লেবীয়দের তাদের পালা অনুসারে, ভাগ করে দেওয়া হল।
19প্রথম মাসের চতুর্দশ দিবসে, নির্বাসন থেকে প্রত্যাগতেরা নিস্তারপর্ব পালন করল।
20যাজক ও লেবীয়েরা নিজেদের শুচি করলে তারা সকলেই আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হলেন। লেবীয়েরা সকল নির্বাসিত লোকদের এবং তাদের যাজক ভাইদের ও নিজেদের পক্ষে নিস্তারপর্বীয় মেষ বলি দিলেন।
21ইস্রায়েলীরা যারা নির্বাসন থেকে প্রত্যাবর্তন করেছিল এবং সেসব লোকেরা তাদের বিজাতীয় প্রতিবেশীদের অশুচি ক্রিয়াকলাপ থেকে নিজেদের পৃথক করে ইস্রায়েলের আরাধ্য সদাপ্রভুর অনুসন্ধান করছিল, তারা একসাথে ভোজন করল।