15ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, “তোমার স্ত্রী সারীকে, তুমি আর সারী বলে ডাকবে না; তার নাম হবে সারা।
16আমি তাকে আশীর্বাদ করব, আর অবশ্যই তাকে তার নিজের এক পুত্রসন্তান দেব। আমি তাকে আশীর্বাদ করব, যেন সে বহু জাতির মা হয়; তার মধ্যে থেকে লোকসমূহের রাজারা উৎপন্ন হবে।”
17অব্রাহাম মাটিতে উবুড় হয়ে পড়ে গেলেন; তিনি হেসে আপনমনে বললেন, “একশো বছর বয়স্ক লোকের কি পুত্রসন্তান হবে? সারা কি নব্বই বছর বয়সে সন্তানের জন্ম দেবে?”
18আর অব্রাহাম ঈশ্বরকে বললেন, “ইশ্মায়েলই শুধু তোমার আশীর্বাদের অধীনে বেঁচে থাকুক!”
19তখন ঈশ্বর বললেন, “হ্যাঁ, কিন্তু তোমার স্ত্রী সারা তোমার জন্য এক ছেলের জন্ম দেবে, এবং তুমি তার নাম দেবে ইস্হাক। তার আগামী বংশধরদের জন্য এক চিরস্থায়ী নিয়মরূপে আমি তার সঙ্গে আমার নিয়ম স্থাপন করব।