19অতএব তাঁরা যোষেফের গোমস্তার কাছে চলে গেলেন ও বাড়ির প্রবেশদ্বারে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বললেন।
20“হে আমাদের প্রভু, আমরা আপনার দয়া ভিক্ষা করছি,” তাঁরা বললেন, “প্রথমবার আমরা এখানে খাদ্যশস্য কেনার জন্যই এসেছিলাম।
21কিন্তু রাত্রিযাপনের জন্য আমরা একটি স্থানে থেমে আমাদের বস্তাগুলি খুলেছিলাম এবং আমাদের প্রত্যেকেই বস্তার মুখে নিজের নিজের রুপো—একেবারে নির্ভুল ওজনের রুপো—খুঁজে পেয়েছিলাম। তাই আমরা তা নিজেদের সঙ্গে করে ফিরিয়ে এনেছি।
22খাদ্যশস্য কেনার জন্য আমরা আরও কিছু রুপো আমাদের সঙ্গে করে এনেছি। আমরা জানি না কে আমাদের বস্তাগুলিতে আমাদের রুপোগুলি রেখে দিয়েছিল।”
23“ঠিক আছে,” তিনি বললেন। “ভয় পেয়ো না। তোমাদের ঈশ্বর, তোমাদের পৈত্রিক ঈশ্বর, তোমাদের বস্তাগুলিতে পুরে তোমাদের ধনসম্পদ দিয়েছেন; আমি তোমাদের রুপো পেয়েছি।” পরে তিনি শিমিয়োনকে তাঁদের কাছে আনলেন।