18আমার নিপীড়নকারীদের তুমি লজ্জায় ফেলো, কিন্তু আমাকে লজ্জিত হওয়া থেকে রক্ষা করো। তাদের আতঙ্কিত করো, কিন্তু আমার আতঙ্ক দূরে করো। তাদের উপরে বিপর্যয়ের দিন নিয়ে এসো; দ্বিগুণ বিনাশ দ্বারা তাদের ধ্বংস করো।
19সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “যিহূদার রাজারা যে ফটক দিয়ে ভিতরে আসে ও বাইরে যায়, তুমি জনসাধারণের সেই দুয়ারে গিয়ে দাঁড়াও; আবার জেরুশালেমের অন্য সব ফটকেও গিয়ে দাঁড়াও।
20তাদের বলো, ‘হে যিহূদার রাজগণ ও যিহূদার সব লোক এবং জেরুশালেমে বসবাসকারী প্রত্যেকে যারা এসব ফটক দিয়ে প্রবেশ করো, তোমরা সদাপ্রভুর এই কথা শোনো।
21সদাপ্রভু এই কথা বলেন: তোমরা সাবধান হও, সাব্বাথ-দিনে তোমরা কোনো বোঝা বইবে না, অথবা জেরুশালেমের ফটকগুলি দিয়ে কোনো বোঝা ভিতরে আনবে না।
22তোমাদের ঘরের বাইরে কোনো বোঝা আনবে না, কিংবা সাব্বাথ-দিনে তোমরা কোনো কাজ করবে না, কিন্তু সাব্বাথ-দিন পবিত্ররূপে পালন করবে, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলাম।