20“ ‘অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমার ক্রোধ ও আমার রোষ এই স্থানের উপরে, মানুষ ও পশুর উপরে, মাঠের গাছপালার উপরে এবং ভূমির ফসলের উপরে ঢেলে দেওয়া হবে। তা অগ্নিদগ্ধ হবে, আগুন নিভে যাবে না।
21“ ‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমরা যাও, তোমাদের অন্যান্য বলিদানের সঙ্গে তোমাদের হোমবলিও মিশিয়ে দাও ও সেই মাংস তোমরাই খেয়ে ফেলো!
22কারণ তোমাদের পিতৃপুরুষদের আমি যখন মিশর থেকে মুক্ত করে এনেছিলাম ও তাদের সঙ্গে কথা বলেছিলাম, আমি তাদের কেবলমাত্র হোমবলি ও অন্যান্য বলিদান উৎসর্গের আদেশ দিইনি,
23কিন্তু আমি তাদের এই আদেশও দিয়েছিলাম, আমার কথা মেনে চলো, তাহলে আমি তোমাদের ঈশ্বর হব ও তোমরা আমার প্রজা হবে। আমি তোমাদের যে সমস্ত আদেশ দিই, তোমরা সেই অনুযায়ী জীবনযাপন কোরো, যেন এতে তোমাদের মঙ্গল হয়।
24কিন্তু তারা শোনেনি ও আমার কথায় মনোযোগ করেনি; বরং তারা নিজেদের মন্দ হৃদয়ের একগুঁয়ে প্রবৃত্তির অনুসারী হয়েছে। তারা পিছিয়ে গিয়েছে, এগিয়ে যায়নি।