2“আমার দাস মোশির মৃত্যু হয়েছে। এখন তবে, তুমি ও এই সমস্ত লোকজন, তোমরা জর্ডন নদী অতিক্রম করে, যে দেশ আমি ইস্রায়েলীদের দিতে চলেছি, সেই দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত হও।
3তোমরা যেখানে যেখানে পা রাখবে, সেই সেই স্থান আমি তোমাদের দেব, যেমন আমি মোশির কাছে প্রতিজ্ঞা করেছিলাম।
4তোমাদের সীমা বিস্তৃত হবে এই মরুভূমি থেকে লেবানন পর্যন্ত এবং মহানদী ইউফ্রেটিস থেকে—হিত্তীয়দের সমস্ত দেশ—পশ্চিমদিকে ভূমধ্যসাগর পর্যন্ত।
5তোমার সমস্ত জীবনকালে কেউই তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে কখনও ছেড়ে দেব না, কখনও পরিত্যাগ করব না।
6তুমি শক্তিশালী ও সাহসী হও, কারণ আমি যে দেশ দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, তুমি এই লোকদের নেতৃত্ব দিয়ে তা অধিকার করবে।