3অতএব যিহোশূয় ও সমগ্র সৈন্যদল অয় আক্রমণ করার জন্য এগিয়ে গেলেন। তাঁর সেরা যোদ্ধাদের মধ্যে থেকে তিনি 30,000 জনকে মনোনীত করলেন এবং রাতের বেলায় তাদের এই আদেশ দিয়ে
4পাঠিয়ে দিলেন: “ভালো করে শোনো। নগরের পিছন দিকে তোমাদের ওৎ পেতে লুকিয়ে থাকতে হবে। সেখান থেকে বেশি দূরে যাবে না। তোমরা সবাই সজাগ থেকো।
5আমি ও আমার সঙ্গী লোকজন, আমরা সবাই নগরের দিকে এগিয়ে যাব এবং লোকেরা যখন আগের মতো আমাদের বিরুদ্ধে এগিয়ে আসবে, তখন আমরা তাদের কাছ থেকে পালিয়ে যাব।
6আমরা তাদের নগর থেকে দূরে প্রলুব্ধ করে নিয়ে না যাওয়া পর্যন্ত তারা আমাদের পশ্চাদ্ধাবন করে যাবে, কারণ তারা বলবে, ‘আগের মতোই তারা আমাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে।’ তাই আমরা যখন তাদের কাছ থেকে পালাব,
7তোমরা তখন গুপ্ত স্থান থেকে উঠে এসে নগরটি দখল করবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেটি তোমাদের হাতে সঁপে দেবেন।