2দাউদ ভেবেছিলেন, “আমি নাহশের ছেলে হানূনের প্রতি সহানুভূতি দেখাব, কারণ তাঁর বাবা আমার প্রতি দয়া দেখিয়েছিলেন।” অতএব দাউদ হানূনের বাবার প্রতি তাঁর সহানুভূতি প্রকাশ করার জন্য একদল লোককে তাঁর প্রতিনিধি করে পাঠালেন। দাউদের পাঠানো লোকেরা হানূনের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য যখন অম্মোনীয়দের দেশে তাঁর কাছে গেল,
3তখন অম্মোনীয়দের সেনাপতিরা হানূনকে বললেন, “আপনার কি মনে হয় যে সহানুভূতি প্রকাশ করার জন্য আপনার কাছে প্রতিনিধিদল পাঠিয়ে দাউদ আপনার বাবাকে সম্মান জানাচ্ছেন? তার প্রতিনিধিরা কি শুধু গুপ্তচরবৃত্তি করে দেশটিতে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালিয়ে এটি উচ্ছেদ করার জন্যই আপনার কাছে আসেনি?”
4অতএব হানূন দাউদের পাঠানো প্রতিনিধিদের ধরে তাদের চুল-দাড়ি কামিয়ে, নিতম্বদেশ পর্যন্ত তাদের জামাকাপড় কেটে দিয়ে তাদের ফেরত পাঠিয়ে দিলেন।
5কেউ একজন যখন দাউদের কাছে এসে সেই লোকদের কথা বলল, তখন তাদের সাথে দেখা করার জন্য তিনি কয়েকজন দূত পাঠালেন, কারণ তারা চরম অপদস্থ হয়েছিল। রাজামশাই বললেন, “যতদিন না তোমাদের চুল-দাড়ি বড়ো হচ্ছে, ততদিন তোমরা যিরীহোতেই থাকো, পরে তোমরা এখানে ফিরে এসো।”
6অম্মোনীয়েরা যখন বুঝতে পেরেছিল যে তারা দাউদের দৃষ্টিতে আপত্তিকর হয়ে গিয়েছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম-নহরয়িম, অরাম-মাখা ও সোবা থেকে রথ ও সারথি ভাড়া করে আনার জন্য 1,000 তালন্ত রুপো পাঠিয়ে দিয়েছিল।