4অতএব ইস্রায়েলীরা তাদের বায়াল-দেবতাদের ও অষ্টারোৎ দেবীদের দূর করে দিল, এবং একমাত্র সদাপ্রভুরই সেবা করল।
5তখন শমূয়েল বললেন, “ইস্রায়েলের সব লোকজনকে মিস্পাতে সমবেত করো, আর আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে অনুরোধ জানাব।”
6তারা মিস্পাতে সমবেত হয়ে, জল সংগ্রহ করে সদাপ্রভুর সামনে তা ঢেলে দিল। সেদিন তারা উপবাস রেখে, সেখানে পাপস্বীকার করে বলল, “সদাপ্রভুর বিরুদ্ধে আমরা পাপ করেছি।” শমূয়েল তখন মিস্পাতে থেকে ইস্রায়েলের নেতা হয়ে সেবাকাজ চালিয়ে যাচ্ছিলেন।
7ফিলিস্তিনীরা যখন শুনল যে ইস্রায়েল মিস্পাতে সমবেত হয়েছে, তখন ফিলিস্তিনী শাসনকর্তারা ইস্রায়েলীদের আক্রমণ করতে উঠে এল। ইস্রায়েলীরা তা শুনে ফিলিস্তিনীদের কারণে ভয় পেয়ে গেল।
8তারা শমূয়েলকে বলল, “আমাদের জন্য আপনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আর্তনাদ করা বন্ধ করবেন না, যেন তিনি আমাদের ফিলিস্তিনীদের হাত থেকে উদ্ধার করতে পারেন।”