8যেদিন আমি তাদের মিশর দেশ থেকে বের করে এনেছিলাম, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা যেভাবে আমাকে ছেড়ে অন্যান্য দেবদেবীর সেবা করে এসেছে, সেরকম আচরণ তারা তোমার প্রতিও করছে।
9এখন তুমি তাদের কথা শোনো; কিন্তু শপথপূর্বক তুমি তাদের সতর্ক করে দাও এবং তারা জানুক, যে রাজা তাদের উপর রাজত্ব করতে চলেছেন, তিনি তাঁর অধিকাররূপে কী দাবি জানাবেন।”
10যারা শমূয়েলের কাছে একজন রাজা চেয়েছিল, তাদের তিনি সদাপ্রভুর বলা সব কথা বলে শোনালেন।
11তিনি বললেন, “যে রাজা তোমাদের উপর রাজত্ব করবেন, তিনি তাঁর অধিকাররূপে তোমাদের কাছে এই দাবি জানাবেন: তিনি তোমাদের ছেলেদের নিয়ে তাঁর রথ ও অশ্বগুলির পরিচর্যাকাজে লাগাবেন, ও তারা তাঁর রথের সামনে সামনে দৌড়াবে।
12তাদের মধ্যে কয়েকজনকে তিনি সহস্র-সেনাপতি ও পঞ্চাশ-সেনাপতি পদে নিযুক্ত করবেন, এবং অন্য কয়েকজনকে তিনি তাঁর জমি চাষ করার ও ফসল কাটার কাজে লাগাবেন, এবং অন্য আরও কয়েকজনকে যুদ্ধাস্ত্র ও তাঁর রথের সাজসরঞ্জাম তৈরির কাজে লাগাবেন।