13আমরাও এজন্য ঈশ্বরকে অবিরত ধন্যবাদ জানাই যে, আমাদের কাছে শুনে তোমরা যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলে, তা মানুষের নয় বরং ঈশ্বরের বলেই গ্রহণ করেছিলে এবং প্রকৃতপক্ষে সে তো ঈশ্বরেরই বাক্য; তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের অন্তরে সেই বাক্য কাজ করে চলেছে।
14কারণ ভাইবোনেরা, তোমরা খ্রীষ্ট যীশুতে যিহূদিয়ায় ঈশ্বরের মণ্ডলীগুলির অনুকরণ করেছিলে, ইহুদিদের হাতে যেসব মণ্ডলী নির্যাতিত হয়েছিল, তোমরা তাদেরই মতো নিজেদের স্বজাতির হাতে লাঞ্ছনা ভোগ করেছ।
15ইহুদিরাই তো প্রভু যীশুকে ও ভাববাদীদের হত্যা করেছিল এবং আমাদেরও তাড়িয়ে দিয়েছিল। তারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে এবং সমস্ত লোকের তারা বিরোধী,
16যেন অইহুদিদের কাছে আমরা পরিত্রাণের সুসমাচার প্রচার করতে না পারি, এভাবেই তারা সবসময় তাদের পাপের বোঝা পূর্ণ করে চলেছে। তাদের উপর ঈশ্বরের রোষ অবশেষে নেমে এসেছে।
17কিন্তু ভাইবোনেরা, আমরা যখন তোমাদের কাছ থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম (মানসিকভাবে নয়, কিন্তু শারীরিকভাবে), তখন তোমাদের দেখার জন্য আকুল হয়ে সব ধরনের চেষ্টা করেছি।