11নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করা হল, এবং যাজকদের হাতে যে রক্ত তুলে দেওয়া হল, তারা সেই রক্ত যজ্ঞবেদিতে ছিটিয়ে দিলেন। অন্যদিকে লেবীয়েরা পশুগুলির ছাল ছাড়িয়েছিল।
12মোশির পুস্তকে যেমন লেখা হয়েছিল, সেই অনুসারে তারা প্রজাদের বিভিন্ন বংশের শাখাগুলিকে দেওয়ার জন্য হোমবলি আলাদা করে রেখেছিল, যেন তারা সেগুলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করতে পারে। গবাদি পশুগুলির ক্ষেত্রেও তারা একই কাজ করল।
13যেমন নির্দেশ দেওয়া হল, সেই নির্দেশ অনুসারেই তারা নিস্তারপর্বের পশুগুলি আগুনে ঝলসে নিয়েছিল, এবং পবিত্র নৈবেদ্যগুলি হাঁড়িতে, কড়াইয়ে ও চাটুতে সেদ্ধ করে তাড়াতাড়ি সব লোককে সেগুলি পরিবেশন করল।
14পরে, তারা নিজেদের ও যাজকদের জন্য প্রস্তুতি নিয়েছিল, কারণ যাজকেরা, অর্থাৎ হারোণের বংশধরেরা, গভীর রাত পর্যন্ত হোমবলি ও চর্বিদার অংশগুলি উৎসর্গ করার কাজে ব্যস্ত ছিলেন। তাই লেবীয়েরা, নিজেদের ও হারোণের বংশোদ্ভূত যাজকদের জন্য প্রস্তুতি নিয়েছিল।
15আসফের বংশধর, অর্থাৎ বাদ্যকরেরা সেই স্থানগুলিতে ছিল, যেখানে থাকার নির্দেশ দাউদ, আসফ, হেমন ও রাজার দর্শক যিদূথূন, তাদের দিলেন। প্রত্যেকটি দরজায় মোতায়েন দ্বাররক্ষীদের, তাদের কাজ ছেড়ে আসার দরকার পড়েনি, কারণ তাদের সমগোত্রীয় লেবীয়েরাই তাদের হয়ে প্রস্তুতি নিয়েছিল।