4পরে রাজা ও প্রজারা সবাই সদাপ্রভুর সামনে নৈবেদ্য উৎসর্গ করলেন।
5রাজা শলোমন বাইশ হাজার গবাদি পশু এবং 1,20,000 মেষ ও ছাগল উৎসর্গ করলেন। এইভাবে রাজা ও প্রজারা সবাই ঈশ্বরের মন্দিরটি উৎসর্গ করলেন।
6যাজকেরা তাদের স্থানে গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং লেবীয়েরাও সদাপ্রভুর উদ্দেশ্যে বাজানোর উপযোগী সেই বাজনাগুলি নিয়ে দাঁড়িয়ে গেল, যেগুলি রাজা দাউদ সদাপ্রভুর প্রশংসা করার জন্য তৈরি করিয়েছিলেন এবং সেগুলি তখনই বাজানো হত, যখন এই বলে তিনি ধন্যবাদ জানাতেন, “তাঁর প্রেম চিরস্থায়ী।” লেবীয়দের উল্টোদিকে দাঁড়িয়ে যাজকেরা তাদের শিঙাগুলি বাজিয়েছিলেন, এবং ইস্রায়েলীরা সবাই সেখানে দাঁড়িয়েছিল।
7শলোমন সদাপ্রভুর মন্দিরের সামনের দিকের উঠোনের মাঝের অংশটুকু উৎসর্গীকৃত করলেন, এবং সেখানে তিনি হোমবলি ও মঙ্গলার্থক বলির চর্বি উৎসর্গ করলেন, কারণ ব্রোঞ্জের যে যজ্ঞবেদিটি তিনি তৈরি করলেন, সেটি হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য ও চর্বিদার অংশগুলি রাখার পক্ষে ছোটো হয়ে গেল।
8অতএব শলোমন সেই সময় সাত দিন ধরে উৎসব পালন করলেন, এবং ইস্রায়েলে সবাই, অর্থাৎ লেবো-হমাৎ থেকে মিশরের মরা নদী পর্যন্ত বিস্তৃত এলাকার লোকেরা—বিশাল এক জনসমাজ—তাঁর সাথে মিলে উৎসব পালন করল।