1সেই সময়ে সদাপ্রভু আমাকে বলেছিলেন, “তুমি দু-টুকরো পাথর কেটে আগের পাথরের ফলকের মতো করে নাও এবং পাহাড়ের উপরে আমার কাছে উঠে এসো। সেই সঙ্গে একটি কাঠের সিন্দুকও তৈরি কোরো।
2আগের যে ফলকগুলি তুমি ভেঙে ফেলেছ, সেগুলির উপরে যে কথা লেখা ছিল তাই এই ফলক দুটির উপর লিখে দেব। তারপর তুমি সেই দুটি নিয়ে সিন্দুকটির মধ্যে রাখবে।”
3সেইজন্য আমি বাবলা কাঠ দিয়ে একটি সিন্দুক তৈরি করলাম এবং দু-টুকরো পাথর কেটে আগের ফলক দুটির মতো করে নিলাম, তারপর সেই দুটি হাতে করে পাহাড়ের উপর উঠে গিয়েছিলাম।
4সদাপ্রভু প্রথম ফলক দুটির উপরে যে কথা লিখেছিলেন এই দুটির উপরও তাই লিখলেন, সেই দশাজ্ঞা যা তিনি তোমাদের সকলের একসঙ্গে সমবেত হওয়ার দিনে পাহাড়ের উপর আগুনের মধ্য থেকে তোমাদের কাছে ঘোষণা করেছিলেন। আর সদাপ্রভু সেগুলি আমাকে দিয়ে দিলেন।
5তারপর, সদাপ্রভু আমাকে যেমন আদেশ করেছিলেন সেইমতো আমি পাহাড়ের উপর থেকে নেমে এসে সেই ফলক দুটি আমার তৈরি করা সিন্দুকে রেখেছিলাম, আর সেগুলি এখনও সেখানেই আছে।