21মরিয়ম তাদের কাছে গান গাইলেন: “সদাপ্রভুর উদ্দেশে গাও গান, কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত। ঘোড়া ও সওয়ার উভয়কেই তিনি করেছেন সমুদ্রে নিক্ষিপ্ত।”
22পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীদের চালিত করলেন এবং তারা শূর মরুভূমিতে চলে গেল। তিন দিন ধরে তারা মরুভূমিতে জল না পেয়ে ভ্রমণ করল।
23তারা যখন মারায় পৌঁছাল, তারা সেখানকার জলপান করতে পারেনি কারণ তা ছিল তেতো। (সেজন্যই সেই স্থানটির নাম রাখা হল মারা)
24অতএব লোকেরা মোশির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলল, “আমরা কী পান করব?”
25তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে ফেললেন, এবং সদাপ্রভু তাঁকে এক টুকরো কাঠ দেখিয়ে দিলেন। তিনি সেটি জলে ছুঁড়ে দিলেন, এবং সেই জল পানের উপযুক্ত হয়ে গেল। সেখানেই সদাপ্রভু তাদের জন্য এক বিধিনির্দেশ ও অনুশাসন দিলেন এবং তাদের পরীক্ষায় ফেলে দিলেন।