14যে দেয়াল তোমরা চুনকাম করেছিলে তা আমি ধ্বংস করব ও মাটিতে মিশিয়ে দেব যেন তার ভিত্তি খোলা পড়ে থাকবে। সেটি যখন পড়বে তখন তোমরাও তার সঙ্গে ধ্বংস হবে, এবং তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
15সুতরাং আমি আমার ভীষণ ক্রোধ দেয়ালের ও যারা সেটি চুনকাম করেছিল তাদের উপর ব্যয় করব। আমি তোমাদের বলব, “দেয়াল ও যারা সেটি চুনকাম করেছিল তারা কেউ আর নেই,
16যে ইস্রায়েলের ভাববাদীরা জেরুশালেমকে ভবিষ্যদ্বাণী করেছিল ও শান্তি না থাকলে তারা শান্তির দর্শন দেখেছিল তারাও নেই, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।” ’
17“এখন, হে মানবসন্তান, তোমার জাতির যে মেয়েরা ভাববাদিনী হিসেবে নিজেদের কল্পনার কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাড়াও। তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো,
18আর বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই মহিলারা যারা লোকদের হাতের জন্য তাবিজ এবং মাথা ঢাকবার জন্য বিভিন্ন মাপের কাপড় তৈরি করো যাতে তোমরা সেই লোকদের ফাঁদে ফেলতে পারো। তোমরা কি আমার লোকদের প্রাণ শিকার করে নিজেদের প্রাণরক্ষা করবে?