10সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি পালকদের বিপক্ষে এবং আমার পালের জন্য তাদের কাছ থেকে হিসেব নেব। আমি তাদের পালের দেখাশোনা করা থেকে সরিয়ে দেব যেন পালকেরা আর নিজেদের জন্য খাবার না পায়। আমিই আমার পালকে তাদের গ্রাস থেকে উদ্ধার করব, এবং তাদের খাবার হতে দেব না।
11“ ‘কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি নিজেই আমার মেষদের খুঁজব এবং তাদের যত্ন নেব।
12পালক যেমন তার ছড়িয়ে পড়া পালের খোঁজ করে যখন সে তাদের সঙ্গে থাকে তেমনি আমি আমার মেষকে খুঁজব। মেঘ ও অন্ধকারের দিনে তারা যেসব জায়গায় ছড়িয়ে পড়েছে আমি সেখান থেকে তাদের উদ্ধার করব।
13আমি তাদের জাতিগণের মধ্যে থেকে বের করে আনব ও বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করব এবং আমি তাদের নিজের দেশে নিয়ে আসব। আমি তাদের ইস্রায়েলের পাহাড়ে, গিরিখাতে এবং দেশের সব বসতিস্থানগুলিতে চরাব।
14তাদের আমি ভালো চরানিতে চরাব, এবং ইস্রায়েলের পাহাড়গুলি তাদের চরানিস্থান হবে। ভালো চরানিতে তারা শোবে, এবং তারা ইস্রায়েলের পাহাড়ে ভালো চরানিতে খাবে।