1ইষ্রা যখন ঈশ্বরের গৃহের সামনে প্রণত হয়ে প্রার্থনা, পাপস্বীকার ও ক্রন্দন করছিলেন, তখন ইস্রায়েলীদের পুরুষ, মহিলা ও শিশুসহ এক বিরাট জনতা তার চারিদিকে সমবেত হল। তারাও তীব্র ক্রন্দন করতে লাগল।
2তখন এলম বংশজাত যিহীয়েলের পুত্র শখনিয় ইষ্রাকে বলল, “আমরা আমাদের চতুর্দিকে বিজাতীয়দের মধ্য থেকে মহিলাদের মনোনীত করে মিশ্র-বিবাহের দ্বারা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছি। তবুও ইস্রায়েলীদের পক্ষে এখনও এক প্রত্যাশা আছে।
3এখন আসুন, আমরা আমাদের প্রভুর ও যারা আমাদের ঈশ্বরের আজ্ঞাগুলিকে ভয় করে, তাদের পরামর্শ অনুসারে ঈশ্বরের সামনে এক নিয়ম সম্পাদন করে ওই সমস্ত স্ত্রীলোকদের ও তাদের সন্তানদের ত্যাগ করি।
4আপনি উঠুন; বিষয়টি আপনার হাতেই রয়েছে, আমরা আপনাকে সমর্থন জানাব, নির্ভয়ে এই কাজটি করুন।”
5তখন ইষ্রা উঠলেন এবং সেইমতো সমস্ত বিশিষ্ট যাজক, লেবীয় ও সমস্ত ইস্রায়েলকে শপথ করালেন এবং তারা সকলে শপথও গ্রহণ করলেন।