2তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় জেরুশালেমে ঈশ্বরের গৃহ নির্মাণ কাজে পুনরায় ব্যাপৃত হলেন। ঈশ্বরের ভাববাদীরাও তাদের সঙ্গে যোগদান করে সেই কাজে তাদের সাহায্য দান করলেন।
3সেই সময় ইউফ্রেটিস নদীর অববাহিকার দেশসমূহের প্রদেশপাল তত্তনয় এবং শথর-বোষণয় ও তাদের সহযোগীবৃন্দ ইস্রায়েলীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “কে তোমাদের মন্দির পুনর্নির্মাণ এবং পরিকাঠামো গঠনের অনুমোদন দিয়েছে?”
4তারা আরও জিজ্ঞাসা করলেন, “যে সমস্ত লোকেরা গৃহটি নির্মাণ করছে তাদের নাম কি?”
5কিন্তু তাদের আরাধ্য ঈশ্বরের কৃপাদৃষ্টি ইহুদিদের প্রাচীনবর্গের উপর ছিল। যতক্ষণ না পর্যন্ত সম্রাট দারিয়াবসের কাছে কোনও লিখিত পত্র যাচ্ছে এবং তাঁর কাছ থেকে উত্তর আসছে ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ করল না।
6ইউফ্রেটিস নদীর অববাহিকার সমগ্র অঞ্চলের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় এবং সহযোগীবৃন্দ ও উক্ত অঞ্চলের রাজকর্মচারীগণ সম্রাট দারিয়াবসের কাছে এই পত্রটি পাঠালেন।