13তখন সম্রাট দারিয়াবস সেই রাজাজ্ঞা প্রেরণ করেছেন, সেইজন্য ইউফ্রেটিসের অপর পারের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় ও তাদের সহযোগীবৃন্দ সেই রাজাজ্ঞা নিষ্ঠার সঙ্গে পালন করলেন।
14এর ফলে ইহুদিদের প্রাচীনবর্গ নির্মাণ কার্য অব্যাহত রাখলেন এবং ভাববাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাববাদী সখরিয়ের প্রত্যদেশ দ্বারা সেই কাজ আরও সমৃদ্ধিলাভ করল। তারা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের এবং পারস্য-সম্রাট কোরস, দারিয়াবস ও অর্তক্ষস্তের নির্দেশমতো মন্দির নির্মাণকাজ সম্পন্ন করলেন।
15সম্রাট দারিয়াবসের রাজত্বকালের ষষ্ঠ বছরের অদর মাসের তৃতীয় দিবসে এই কার্য সুসম্পন্ন হয়।
16তখন ইস্রায়েলের লোকের অর্থাৎ যাজকবর্গ, লেবীয়েরা এবং নির্বাসিতদের অবশিষ্টাংশ, খুবই আনন্দের সঙ্গে ঈশ্বরের গৃহের উৎসর্গীকরণ অনুষ্ঠান পালন করল।
17এই অনুষ্ঠানের জন্য তারা একশোটি বলদ, 200-টি পুংমেষ, 400-টি মদ্দা মেষশাবক বলিরূপে উৎসর্গ করল এবং সব ইস্রায়েলীর পাপার্থক নৈবেদ্যের উদ্দেশে বারোটি পাঁঠার এক-একটি, ইস্রায়েলের এক-একটি গোষ্ঠীর জন্য উৎসর্গ করা হল।