14লোট অব্রামের সঙ্গ ত্যাগ করে যাওয়ার পর সদাপ্রভু অব্রামকে বললেন, “তুমি যেখানে আছ, সেখানে থেকেই তোমার চারপাশে—উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমদিকে তাকিয়ে দেখো।
15তুমি যে দেশটি দেখতে পাচ্ছ, সম্পূর্ণ সেই দেশটিই আমি চিরতরে তোমাকে ও তোমার বংশধরদের দেব।
16তোমার বংশধরদের আমি পৃথিবীর ধূলিকণার মতো করে তুলব, যেন কেউ যদি ধূলিকণার সংখ্যা গুনতে পারে, তবে তোমার বংশধরদেরও গোনা যাবে।
17যাও, দেশটির দৈর্ঘ্য ও প্রস্থ ধরে ঘুরে এসো, কারণ আমি এটি তোমাকেই দিচ্ছি।”
18অতএব অব্রাম হিব্রোণে মম্রির সেই বিশাল গাছগুলির কাছে থাকতে চলে গেলেন, যেখানে তিনি তাঁর তাঁবুগুলি খাটিয়েছিলেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন।