3পরদিন ভোরবেলায় অব্রাহাম উঠে তাঁর গাধায় জিন চাপালেন। তিনি তাঁর দাসদের মধ্যে দুজনকে ও তাঁর ছেলে ইস্হাককে সাথে নিলেন। হোমবলির জন্য যথেষ্ট পরিমাণ কাঠ কাটার পর তিনি সেই স্থানের উদ্দেশে যাত্রা শুরু করলেন, যেটির বিষয়ে ঈশ্বর তাঁকে আগেই বলে দিয়েছিলেন।
4তৃতীয় দিনে অব্রাহাম চোখ তুলে তাকিয়ে দূর থেকে সেই স্থানটি দেখলেন।
5তিনি তাঁর দাসদের বললেন, “ছেলেটিকে সাথে নিয়ে আমি যখন সেখানে যাচ্ছি, তখন তোমরা গাধাটির সঙ্গে এখানেই থাকো। আমরা আরাধনা করব ও পরে তোমাদের কাছে ফিরে আসব।”
6অব্রাহাম হোমবলির কাঠ নিয়ে সেগুলি তাঁর ছেলে ইস্হাকের কাঁধে চাপিয়ে দিলেন, এবং তিনি স্বয়ং আগুন ও ছুরি নিলেন। তাঁরা দুজন যখন একসাথে এগিয়ে যাচ্ছিলেন,
7ইস্হাক মুখ খুলে তাঁর বাবা অব্রাহামকে বললেন, “বাবা?” “বলো বাছা?” অব্রাহাম উত্তর দিলেন। “আগুন ও কাঠ তো এখানে আছে,” ইস্হাক বললেন, “কিন্তু হোমবলির জন্য মেষশাবক কোথায়?”