8তখন যিহূদা তাঁর বাবা ইস্রায়েলকে বললেন, “বালকটিকে আমার সঙ্গে পাঠিয়ে দিন এবং আমরা এখনই রওনা দেব, যেন আমরা ও আপনি এবং আমাদের সন্তানেরা বাঁচতে পারি এবং না মরি।
9আমি নিজে তার নিরাপত্তার মুচলেকা দেব; তার জন্য আপনি ব্যক্তিগতভাবে আমাকে দায়ী করতে পারেন। আমি যদি তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে না পারি ও আপনার সামনে তাকে দাঁড় করাতে না পারি, তবে সারা জীবন আমি এই দোষ বয়ে বেড়াব।
10তবে ঘটনা হল এই যে, আমরা যদি দেরি না করতাম, তবে এতক্ষণে আমরা দু-দুবার সেখানে গিয়ে ফিরে আসতে পারতাম।”
11তখন তাঁদের বাবা ইস্রায়েল তাঁদের বললেন, “যদি তা আবশ্যক হয়, তবে এরকম করো: তোমাদের বস্তাগুলিতে এদেশের শ্রেষ্ঠ দ্রব্যগুলির মধ্যে কিছু কিছু নিয়ে রাখো ও এক উপহারসামগ্রীরূপে সেগুলি সেই লোকটির কাছে নিয়ে যাও—যেমন সামান্য কিছু গুগ্গুল ও সামান্য কিছু মধু, কিছু মশলাপাতি ও গন্ধরস, কিছু পেস্তাবাদাম ও কাঠবাদাম।
12তোমরা নিজেদের সঙ্গে দ্বিগুণ পরিমাণ রুপো নাও, কারণ সেই রুপোগুলি তোমাদের ফেরত দিতে হবে যা তোমাদের বস্তার মুখে রেখে দেওয়া হয়েছিল। হয়তো ভুলবশতই তা হয়েছিল।