14আর সর্বশক্তিমান ঈশ্বর সেই লোকটির দৃষ্টিতে তোমাদের দয়া পেতে দিন, যেন তিনি তোমাদের অন্য ভাইকে ও বিন্যামীনকে তোমাদের সঙ্গে ফিরে আসতে দেন। আমার আর কি, আমাকে যদি সন্তানহারা হতে হয় তবে তাই হোক।”
15অতএব তাঁরা উপহারসামগ্রী ও দ্বিগুণ পরিমাণ রুপো, এবং বিন্যামীনকেও সঙ্গে নিলেন। তাঁরা তাড়াতাড়ি করে মিশরে গেলেন ও যোষেফের কাছে নিজেদের উপস্থিত করলেন।
16যোষেফ যখন বিন্যামীনকে তাঁদের সঙ্গে দেখতে পেলেন, তখন তিনি তাঁর বাড়ির গোমস্তাকে বললেন, “এদের আমার বাড়িতে নিয়ে যাও, একটি পশু বধ করো এবং ভোজের আয়োজন করো, দুপুরবেলায় এরা আমাদের সঙ্গে ভোজনপান করবে।”
17যোষেফ যেমনটি করতে বললেন, সেই লোকটি ঠিক সেরকমই করলেন এবং তাঁদের যোষেফের বাড়িতে নিয়ে গেলেন।
18যখন তাঁদের তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হল তখন তাঁরা ভয় পেয়ে গেলেন। তাঁরা ভাবলেন, “প্রথমবার আমাদের বস্তায় যে রুপো রেখে দেওয়া হয়েছিল সেজন্যই আমাদের এখানে আনা হয়েছে। তিনি আমাদের উপর হামলা করতে ও ক্রীতদাসরূপে আমাদের গ্রেপ্তার করতে এবং আমাদের গাধাগুলি দখল করে নিতে চাইছেন।”