26যোষেফ যখন ঘরে এলেন, তখন সেই বাড়িতে তাঁরা যেসব উপহারসামগ্রী নিয়ে এসেছিলেন, সেগুলি তাঁরা তাঁকে দিলেন, এবং মাটিতে নতমস্তক হয়ে তাঁকে প্রণাম করলেন।
27তিনি তাদের জিজ্ঞাসা করলেন তারা কেমন আছেন, এবং পরে তিনি বললেন, “তোমাদের যে বৃদ্ধ বাবার কথা তোমরা বলেছিলে, তিনি কেমন আছেন? তিনি কি এখনও বেঁচে আছেন?”
28তাঁরা উত্তর দিলেন, “আপনার দাস আমাদের বাবা এখনও বেঁচে আছেন ও ভালোই আছেন।” এবং তাঁরা তাঁর সামনে মাটিতে উবুড় হয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন।
29তিনি চোখ তুলে তাকিয়ে যেই না তাঁর ভাই বিন্যামীনকে, তাঁর সহোদর ভাইকে দেখতে পেলেন, তিনি জিজ্ঞাসা করলেন, “এই কি তোমাদের সেই ছোটো ভাই, যার কথা তোমরা আমাকে বলেছিলে?” আর তিনি বললেন, “বাছা, ঈশ্বর তোমার প্রতি মঙ্গলময় হোন।”
30ভাইকে দেখতে পেয়ে যোষেফ দারুণ আবেগতাড়িত হয়ে পড়লেন, তাই তিনি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেলেন ও কাঁদার জন্য একটি স্থান খুঁজলেন। তিনি নিজের খাস কামরায় ঢুকে গেলেন ও সেখানে কেঁদে নিলেন।