1ইফ্রয়িম বাতাস খায়; সে সারাদিন পুবালি বাতাসের পিছু ধাওয়া করে, এবং মিথ্যাচার ও সহিংসতার বৃদ্ধি ঘটায়। সে আসিরিয়ার সঙ্গে মৈত্রীচুক্তি করে ও মিশরে জলপাইয়ের তেল পাঠায়।
2সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে এক অভিযোগ আনবেন; তিনি যাকোবকে তার জীবনাচরণ অনুযায়ী দণ্ড দেবেন তার কর্ম অনুযায়ী তাকে প্রতিফল দেবেন।
3মায়ের গর্ভে সে তার অগ্রজের গোড়ালি ধরেছিল; প্রাপ্তবয়স্ক হয়ে সে ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল।
4সে স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করে বিজয়ী হয়েছিল; সে সজল নয়নে তাঁর কৃপা ভিক্ষা করেছিল। সে বেথেলে তাঁর সন্ধান পেয়েছিল এবং সেখানে তাঁর সঙ্গে করেছিল কথোপকথন।
5তিনি সর্বশক্তিমান সদাপ্রভু, সদাপ্রভুই তাঁর স্মরণীয় নাম!