যিশাইয় 17

1দামাস্কাসের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী আমার কাছে উপস্থিত হল: “দেখো, দামাস্কাস আর কোনো নগররূপে থাকবে না, কিন্তু তা হবে একটি ধ্বংসস্তূপ।

2অরোয়েরের নগরগুলি জনশূন্য হবে, তা পশুপালের জন্য ছেড়ে দেওয়া হবে, যারা সেখানে শুয়ে বিশ্রাম করবে, কেউ তাদের কোনো ভয় দেখাবে না।

3ইফ্রয়িম থেকে দুর্গ-নগরীগুলি অদৃশ্য হবে, দামাস্কাস থেকে উধাও হবে রাজকীয় পরাক্রম; অরাম দেশের অবশিষ্ট লোকেরা হবে ইস্রায়েলের অন্তর্হিত গৌরবের মতো,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।

4“সেদিন যাকোব কুলের মহিমা ম্লান হয়ে যাবে; তার শরীরের মেদ ঝরে যাবে।

5তা হবে লোকেদের মাঠ থেকে পাকা শস্য সংগ্রহের মতো, যখন তারা হাত বাড়িয়ে শিষ কাটে—তা হবে রফায়ীমের উপত্যকায় পতিত শিষ কুড়িয়ে নেওয়ার মতো।

6তবুও কুড়িয়ে নেওয়ার মতো কিছু শস্য অবশিষ্ট থাকবে, যেমন কোনো জলপাই গাছকে ঝেড়ে ফেলা হয় এবং উপরের ডালগুলিতে দুটি কি তিনটি জলপাই থেকেই যায়, ফলন্ত শাখায় যেমন চারটি কি পাঁচটি ফল থেকে যায়,” সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন।

7সেদিন লোকেরা তাদের স্রষ্টার দিকে তাকাবে, তারা তাদের দৃষ্টি ইস্রায়েলের পবিত্রতমজনের প্রতি ফিরাবে।

8তারা আর বেদিগুলির দিকে তাকাবে না, যেগুলি তাদেরই হাতের তৈরি করা, আর তাদের হাতে তৈরি আশেরার খুঁটিগুলি ও ধূপবেদিগুলির প্রতি তাদের কোনো সমীহ থাকবে না।

9সেদিন, দৃঢ় নগরগুলি, যেগুলি ইস্রায়েলীদের ভয়ে তারা পরিত্যাগ করেছিল, সেগুলি ঘন জঙ্গল ও লতাগুল্মের জন্য পরিত্যক্ত হবে। সমস্ত দেশটিই জনশূন্য হবে।

10তোমরা তোমাদের পরিত্রাতা ঈশ্বরকে ভুলে গিয়েছ; তোমরা তোমাদের শৈল, তোমাদের দুর্গকে মনে রাখোনি। তাই, যদিও তোমরা উৎকৃষ্ট সব বৃক্ষচারা রোপণ করো, বিদেশ থেকে আনা দ্রাক্ষালতা লাগাও,

11যদিও যেদিন তোমরা সেগুলি লাগাও, সেদিনই সেগুলিকে বাড়িয়ে তোলো, সকালবেলা যখন তোমরা তাদের লাগাও, তোমরা সেগুলি পুষ্পিত করো, তবুও রোগ ও অনিরাময়যোগ্য ব্যথাবেদনার দিনে, তোমরা কিছুই শস্যচয়ন করতে পারবে না।

12আহা, অনেক জাতি কেমন গর্জন করছে, সমুদ্রগর্জনের মতোই তাদের গর্জনের শব্দ! আহ্, জাতিগুলির ভীষণ কোলাহল, মহাজলরাশির মতোই তারা গর্জন করছে!

13যদিও লোকেরা সফেন জলরাশির মতো গর্জন করে, যখন তিনি তাদের তিরস্কার করেন, তারা বহুদূরে পালিয়ে যায়, তারা পাহাড়ের উপরে তুষের মতো বাতাসে উড়ে যায়, ঝড়ের মুখে ঘূর্ণায়মান ধুলির মতো হয়।

14সন্ধ্যাবেলা আকস্মিক সন্ত্রাসের মতো হবে! সকালবেলা সেগুলি অন্তর্হিত হবে! এই হবে তাদের অধিকার যারা আমাদের লুট করে, যারা আমাদের লুণ্ঠন করে, এই হবে তাদের পাওনা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.