13“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি যাও, গিয়ে যিহূদার মানুষদের ও জেরুশালেমের লোকেদের এই কথা বলো, ‘তোমরা কি এর থেকে শিক্ষাগ্রহণ করে আমার বাক্য পালন করবে না?’ সদাপ্রভু এই কথা বলেন।
14‘রেখবের পুত্র যিহোনাদব তার বংশধরদের দ্রাক্ষারস পান না করার আদেশ দিয়েছিল। তার সেই আদেশ পালন করা হয়েছে। আজ পর্যন্ত তারা দ্রাক্ষারস পান করে না, কারণ তারা তাদের পূর্বপুরুষের আদেশ পালন করে। কিন্তু আমি যদিও বারবার তোমাদের সঙ্গে কথা বলেছি, তবুও তোমরা আমার কথা শোনোনি।
15বারবার আমি আমার দাস ভাববাদীদের তোমাদের কাছে প্রেরণ করেছি। তারা বলেছে, “তোমাদের মধ্যে প্রত্যেকে, তোমাদের দুষ্টতার পথ থেকে ফিরে আসবে এবং তোমাদের কার্যকলাপের সংশোধন করবে। অন্যান্য দেবদেবীর অনুসারী হয়ে তাদের সেবা করবে না। তাহলে এই যে দেশ আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছি, সেখানে তোমরা বসবাস করতে পারবে।” কিন্তু তোমরা আমার কথা শোনোনি বা তাতে মনোযোগও দাওনি।
16রেখবের পুত্র যিহোনাদবের বংশধরেরা, তাদের পূর্বপুরুষ যে আদেশ দিয়েছিল, তা পালন করে এসেছে, কিন্তু এই লোকেরা আমার কথার বাধ্য হয়নি।’
17“এই কারণে, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, ‘তোমরা শোনো! আমি যিহূদার উপরে এবং যতজন জেরুশালেমে বসবাস করে, তাদের উপরে আমি যেসব বিপর্যয়ের কথা বলেছিলাম, তা সমস্তই নিয়ে আসব। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তারা শোনেনি। আমি তাদের আহ্বান করেছি, তারা কিন্তু সাড়া দেয়নি।’ ”