1যোশিয়ের পুত্র, যিহূদার রাজা যিহোয়াকীমের চতুর্থ বছরে, সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
2“তুমি একটি গুটানো চামড়ার পুঁথি নাও ও তাতে আমি তোমাকে ইস্রায়েল, যিহূদা এবং অন্যান্য জাতিদের সম্পর্কে যোশিয়ের রাজত্বকাল থেকে এখন পর্যন্ত যা কিছু বলেছি, সেসবই লিপিবদ্ধ করো।
3হয়তো যিহূদার জনগণ সেইসব বিপর্যয়, যা আমি তাদের উপর ঘটাব বলে স্থির করেছি, তার কথা শুনে, তাদের মধ্যে প্রত্যেকে তাদের দুষ্টতার জীবনাচরণ ত্যাগ করবে; তখন আমি তাদের দুষ্টতা ও তাদের পাপ ক্ষমা করব।”
4তাই যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডেকে পাঠালেন। সদাপ্রভু যে সমস্ত কথা যিরমিয়কে বলেছিলেন, তিনি সেগুলি মুখে বলে গেলেন। বারূক সেগুলি পুঁথিতে লিখলেন।