1ব্যাবিলন ও ব্যাবিলনীয়দের দেশ সম্পর্কে সদাপ্রভু, ভাববাদী যিরমিয়কে এই কথা বলেন:
2“তোমরা বিভিন্ন জাতির মধ্যে প্রচার ও ঘোষণা করো, পতাকা তুলে ধরো ও ঘোষণা করো; কিছুই গোপন রেখো না, কিন্তু বলো, ‘ব্যাবিলন পরহস্তগত হবে; বেলকে লজ্জিত করা হবে, মরোদক আতঙ্কগ্রস্ত হবে। তার প্রতিমাগুলি লজ্জিত হবে, তার বিগ্রহগুলি ভয়ে পরিপূর্ণ হবে।’
3উত্তর দিক থেকে আসা এক জাতি তাকে আক্রমণ করবে, তার দেশ পরিত্যক্ত হবে; তার মধ্যে কেউই বসবাস করবে না; মানুষ ও পশু, সকলেই পলায়ন করবে।
4“সেই সমস্ত দিনে ও সেই সময়ে,” সদাপ্রভু ঘোষণা করেন, “ইস্রায়েল কুল ও যিহূদা কুলের লোকেরা একত্রে চোখের জলে তাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে যাবে।