17যিহূদার গ্রামগুলিতে এবং জেরুশালেমের পথে পথে তারা কী করছে, তুমি কি তা দেখতে পাও না?
18ছেলেমেয়েরা কাঠ সংগ্রহ করে, বাবারা আগুন জ্বালায় এবং স্ত্রীলোকেরা ময়দা মাখায় ও আকাশ-রানির উদ্দেশে পিঠে তৈরি করে। আমার ক্রোধ উদ্রেক করার জন্য তারা অন্য সব দেবদেবীর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করে।
19কিন্তু তারা কি কেবলমাত্র আমাকেই ক্রুদ্ধ করছে? সদাপ্রভু এই কথা বলেন। তারা কি নিজেদেরই লজ্জার জন্য নিজেদের ক্ষতি করছে না?
20“ ‘অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমার ক্রোধ ও আমার রোষ এই স্থানের উপরে, মানুষ ও পশুর উপরে, মাঠের গাছপালার উপরে এবং ভূমির ফসলের উপরে ঢেলে দেওয়া হবে। তা অগ্নিদগ্ধ হবে, আগুন নিভে যাবে না।
21“ ‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমরা যাও, তোমাদের অন্যান্য বলিদানের সঙ্গে তোমাদের হোমবলিও মিশিয়ে দাও ও সেই মাংস তোমরাই খেয়ে ফেলো!