13অতএব সৈন্যরা নিজেদের অবস্থান নিল—একদিকে প্রধান শিবিরটি নগরের উত্তর দিকে এবং ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরা সেটির পশ্চিমদিকে ছিল। সেরাতে যিহোশূয় উপত্যকায় চলে গেলেন।
14অয়ের রাজা যখন তা দেখলেন, তিনি ও নগরের সব লোকজন তখন ভোরবেলায় অরাবার দিকে নজর না দিয়ে তাড়াহুড়ো করে নির্দিষ্ট এক স্থানে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি জানতেন না যে নগরের পিছন দিকে তাঁর বিরুদ্ধে একদল সৈন্য ওৎ পেতে লুকিয়ে আছে।
15যিহোশূয় ও সমগ্র ইস্রায়েল তাদের সামনে থেকে স্বেচ্ছায় পিছু হটলেন, এবং তাঁরা মরুভূমির দিকে পালিয়ে গেলেন।
16অয়ের সব লোককে তাঁদের পশ্চাদ্ধাবন করার জন্য ডাকা হল, এবং তারা যিহোশূয়ের পশ্চাদ্ধাবন করল ও প্রলুব্ধ হয়ে নগর থেকে দূরে চলে গেল।
17অয় বা বেথেলে এমন একজন লোকও অবশিষ্ট ছিল না যে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করেনি। তারা নগর উন্মুক্ত রেখে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করল।