18আমি ও যারা আমার সঙ্গে আছে—আমরা যখন আমাদের শিঙাগুলি বাজাব, তখন তোমরাও শিবিরের চারিদিক থেকে শিঙা বাজিয়ো এবং চিৎকার করে বোলো, ‘সদাপ্রভুর জন্য এবং গিদিয়োনের জন্য।’ ”
19রাতের মধ্যম প্রহরের শুরুতে, ঠিক যখন পাহারাদারদের পালা-বদল হল, তারপরেই গিদিয়োন ও তাঁর সঙ্গে থাকা একশো জন লোক শিবিরের কিনারায় পৌঁছে গেলেন। তাঁরা শিঙা বাজালেন এবং তাঁদের হাতে ধরা ঘটগুলি ভেঙে ফেললেন।
20তিনটি দলই শিঙা বাজালো ও ঘট ভেঙে ফেলল। তারা তাদের বাঁ হাতে মশাল নিয়ে ও ডান হাতে বাজানোর উপযোগী শিঙা ধরে, চিৎকার করে উঠল, “সদাপ্রভুর ও গিদিয়োনের তরোয়াল!”
21প্রত্যেকে যখন শিবির ঘিরে ধরে নিজের নিজের অবস্থান নিল, তখন মিদিয়নীয়রা ভয়ে চিৎকার করতে করতে ছুটে পালালো।
22300-টি শিঙা যখন বেজে উঠল, তখন সদাপ্রভু শিবিরের সর্বত্র লোকদের পরস্পরের বিরুদ্ধে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে উসকানি দিলেন। সৈন্যদল টব্বতের কাছাকাছি অবস্থিত আবেল-মহোলার সীমানা পর্যন্ত গিয়ে, সরোরার দিকে বেথ-শিট্টায় পালিয়ে গেল।