4কিন্তু সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “এখনও অনেক বেশি লোক আছে। তাদের নিয়ে তুমি জলের উৎসের কাছে নেমে যাও, এবং সেখানে আমি পরীক্ষা করার মাধ্যমে তোমার জন্য তাদের সংখ্যা হ্রাস করব। আমি যদি বলি, ‘এই লোকটি তোমার সঙ্গে যাবে,’ তবে সে যাবে; কিন্তু যদি বলি, ‘এই লোকটি তোমার সঙ্গে যাবে না,’ তবে সে যাবে না।”
5অতএব গিদিয়োন লোকদের নিয়ে জলের উৎসের কাছে নেমে গেলেন। সেখানে সদাপ্রভু তাঁকে বললেন, “যারা তাদের জিভ দিয়ে কুকুরের মতো চেটে চেটে জলপান করে, তাদের কাছ থেকে যারা নতজানু হয়ে জলপান করে, তাদের পৃথক করে দাও।”
6তাদের মধ্যে 300 জন কুকুরের মতো চেটে চেটে অঞ্জলি ভরে জলপান করল। বাকি সবাই জলপান করার জন্য নতজানু হল।
7সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “যে 300 জন লোক চেটে চেটে জলপান করেছে, তাদের দ্বারাই আমি তোমাদের রক্ষা করব এবং মিদিয়নীয়দের তোমাদের হাতে সমর্পণ করব। অন্য সবাই ঘরে ফিরে যাক।”
8অতএব গিদিয়োন অন্য সব ইস্রায়েলীকে ঘরে পাঠিয়ে দিলেন কিন্তু 300 জনকে রেখে দিলেন, যারা অন্যান্য লোকদের রসদপত্র ও শিঙাগুলি হস্তগত করল। ইত্যবসরে মিদিয়ন তাঁর নিচের দিকে অবস্থিত উপত্যকায় শিবির স্থাপন করেছিল।