14“আমার পাপগুলিকে একটি জোয়ালে বাঁধা হয়েছে; তাঁর দুটি হাত সেগুলি একত্র বুনেছে। সেগুলি আমার ঘাড় থেকে ঝুলছে, এবং প্রভু আমার জীবনীশক্তি নিঃশেষ করেছেন। যাদের আমি সহ্য করতে পারি না, তাদের হাতেই তিনি আমাকে সমর্পণ করেছেন।
15“আমার মধ্যে যেসব যোদ্ধা ছিল, প্রভু তাদের অগ্রাহ্য করেছেন; তিনি আমার বিরুদ্ধে এক সৈন্যদল তলব করেছেন, যেন আমার যুবকদের চূর্ণ করেন। প্রভু তাঁর আঙুর মাড়াই-কল, কুমারী-কন্যা যিহূদাকে মর্দন করেছেন।
16“এই কারণে আমি ক্রন্দন করি, এবং আমার চোখদুটি অশ্রুপ্লাবিত হয়। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে কেউই নেই, কেউ আমার প্রাণ সঞ্জীবিত করে না। আমার ছেলেমেয়েরা আজ সহায়সম্বলহীন, কারণ শত্রুরা বিজয়ী হয়েছে।”
17সিয়োন তার দু-হাত প্রসারিত করেছে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। সদাপ্রভু যাকোব কুলের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন যে, তার প্রতিবেশীরাই তার শত্রু হবে; তাদের মধ্যে জেরুশালেম এক অশুচি বস্তুতে পরিণত হয়েছে।
18“সদাপ্রভু ধর্মময়, তা সত্ত্বেও আমি তাঁর আজ্ঞার বিদ্রোহী হয়েছি। সমস্ত জাতিগণ, তোমরা শোনো; আমার কষ্টভোগের প্রতি দৃষ্টি দাও। আমার যুবকেরা ও কুমারী-কন্যারা নির্বাসনে চলে গেছে।