1হায়! যে নগরী একদিন ছিল মানুষজনে পরিপূর্ণ, সে আজ পরিত্যক্ত হয়ে পড়ে আছে! যে ছিল একদিন জাতিসমূহের মধ্যে মহান, তার দশা আজ বিধবার মতো! একদিন যে ছিল প্রদেশগুলির রানি, সে আজ পরিণত হয়েছে ক্রীতদাসীতে।
2রাত্রিবেলা সে তীব্র রোদন করে, তার দুই গাল বেয়ে অশ্রু বয়ে যায়। তার সব প্রেমিকের মধ্যে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই নেই। তার সব বন্ধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে; তারা আজ সবাই তার শত্রু হয়েছে।
3যন্ত্রণাভোগ ও কঠোর পরিশ্রমের পর, যিহূদা নির্বাসিত হয়েছে। সে জাতিসমূহের মধ্যে বাস করে; সে কোনো বিশ্রামের স্থান খুঁজে পায় না। যারা তাকে তাড়া করছিল, তার বিপর্যয়ের মাঝে তারা তাকে ধরে ফেলেছে।
4সিয়োনগামী পথগুলি শোকে ম্রিয়মাণ, কারণ নির্ধারিত উৎসবগুলিতে আর কেউ আসে না। তার সবকটি তোরণদ্বারের প্রবেশপথ নির্জন, তার যাজকেরা আর্তনাদ করে। তার কুমারী-কন্যারা শোকার্ত, এবং সে নিজে তিক্ত মনোবেদনায় আচ্ছন্ন।
5তার প্রতিপক্ষরা তার মনিব হয়েছে; তার শত্রুরা আজ নিশ্চিন্ত। তার অনেক অনেক পাপের জন্য সদাপ্রভু তাকে ক্লিষ্ট করেছেন। তার ছেলেমেয়েরা নির্বাসনে গেছে, শত্রুদের চোখের সামনে তারা বন্দি হয়েছে।