11কাঁদতে কাঁদতে আমার চোখ ঝাপসা হয়েছে, আমার অন্তরে প্রচণ্ড মর্মবেদনা, আমার হৃদয় যেন গলে গিয়ে মাটিতে বয়ে যাচ্ছে কেননা আমার লোকেরা ধ্বংস হচ্ছে, কেননা ছেলেমেয়ে ও দুগ্ধপোষ্য শিশুরা নগরের পথে পথে মূর্ছিত হচ্ছে।
12তারা তাদের মায়েদের বলে, “আমাদের জন্য খাবার ও দ্রাক্ষারস কোথায়?” কেননা তারা নগরের পথে পথে আহত মানুষের মতো মূর্ছিত হয়, তাদের মায়েদের কোলে তাদের প্রাণ ঢলে পড়ে।
13আমি তোমাকে কী বলব? হে, জেরুশালেম-কন্যা, তোমাকে কার সঙ্গে আমি তুলনা করব? হে সিয়োনের কুমারী-কন্যা, কার সঙ্গে আমি তোমার তুলনা করব, যাতে আমি তোমাকে সান্ত্বনা দিতে পারি? তোমার ক্ষত সমুদ্রের মতোই গভীর। কে তোমায় আরোগ্য করতে পারে?
14তোমার ভাববাদীদের দর্শনগুলি মিথ্যা ও অসার ছিল; নির্বাসন থেকে তোমাকে মুক্ত করার জন্য তারা তোমার পাপকে প্রকাশ করেনি। যে প্রত্যাদেশ তারা তোমাকে দিয়েছিল, সেগুলি ছিল মিথ্যা ও ভ্রান্ত পথ-নির্দশক।
15যারাই তোমার পাশ দিয়ে যায়, তারাই তোমাকে দেখে হাততালি দেয়; তারা জেরুশালেম-কন্যাকে টিটকিরি দেয় ও মাথা নেড়ে বলে: “এই কি সেই নগর, যাকে বলা হত ‘পরম সৌন্দর্যের স্থান,’ ও ‘সমস্ত পৃথিবীর আনন্দস্থল’?”