9“সমাগম তাঁবুতে যাওয়ার সময় তোমরা দ্রাক্ষারস অথবা মদ্যপান করবে না, নইলে তোমরা মরবে। এটি বংশপরম্পরায় তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি,
10যেন পবিত্র ও সাধারণের মধ্যে, শুচি ও অশুচির মধ্যে তুমি অবশ্যই পার্থক্য রাখো
11এবং মোশির মাধ্যমে সদাপ্রভু যেসব বিধি দিয়েছেন সেগুলি তুমি ইস্রায়েলীদের অবশ্যই শেখাবে।”
12মোশি হারোণকে ও তাঁর দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত উপহারের অবশিষ্ট যে শস্য-নৈবেদ্য আছে, তা নিয়ে বেদির পাশে খামিরবিহীন খাদ্য প্রস্তুত ও ভোজন করো, কেননা এটি অত্যন্ত পবিত্র।
13এক পবিত্রস্থানে এই খাদ্য ভোজন করো, কেননা এটি তোমার ও তোমার ছেলেদের অংশ যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; কেননা আমি এই আজ্ঞা পেয়েছি।