1বিশ্রামদিন অতিক্রান্ত হলে, মাগ্দালাবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমি কিছু সুগন্ধিদ্রব্য কিনে নিয়ে এলেন, যেন যীশুর দেহে তা লেপন করতে পারেন।
2সপ্তাহের প্রথম দিন, খুব ভোরবেলায়, সূর্যোদয়ের অব্যবহিত পরেই তাঁরা সমাধির কাছে এলেন।
3তাঁরা পরস্পরকে জিজ্ঞাসা করলেন, “সমাধির প্রবেশমুখ থেকে কে পাথরখানা সরাবে?”
4কিন্তু তাঁরা যখন চোখ তুলে তাকালেন, তাঁরা দেখলেন যে, অতি বিশাল সেই পাথরটিকে সরানো হয়েছে।
5সমাধির মধ্যে প্রবেশ করা মাত্র, তাঁরা দেখলেন, সাদা পোশাক পরে এক যুবক ডানদিকে বসে আছেন। এতে তাঁরা অত্যন্ত বিস্মিত হলেন।