8কিন্তু এক অপ্রতিরোধ্য বন্যা পাঠিয়ে তিনি নীনবীকে ধ্বংস করে দেবেন; তাঁর শত্রুদের পশ্চাদ্ধাবন করে তিনি অন্ধকারের রাজ্যে নিয়ে যাবেন।
9সদাপ্রভুর বিরুদ্ধে তারা যে চক্রান্তই করুক না কেন তিনি তা নষ্ট করে দেবেন; দ্বিতীয়বার আর বিপত্তি আসবে না।
10তারা কাঁটাঝোপে আটকে যাবে এবং মদের নেশায় মাতাল হবে; শুকনো নাড়ার মতো তারা ক্ষয়ে যাবে।
11হে নীনবী, এমন একজন তোমার মধ্যে থেকে বেরিয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে অনিষ্টের চক্রান্ত করে এবং দুষ্ট পরিকল্পনা উদ্ভাবন করে।
12সদাপ্রভু একথাই বলেন: “যদিও তারা বন্ধুত্ব করেছে ও সংখ্যায় তারা অনেক, তাও তারা ধ্বংস হয়ে মারা যাবে। হে যিহূদা, আমি যদিও তোমাকে দুর্দশাগ্রস্ত করেছিলাম, আমি আর তোমাকে নিগৃহীত করব না।