26তারা যোষাদকের ছেলে যেশূয় ও তার ছেলে যোয়াকীমের সময় ও শাসনকর্তা নহিমিয়ের এবং বিধানের অধ্যাপক ও যাজক ইষ্রার সময়ে পরিচর্যা করত।
27জেরুশালেমের প্রাচীর উৎসর্গ করার উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের জেরুশালেমে আনা হল যেন তারা করতাল, বীণা ও সুরবাহার বাজিয়ে আনন্দের সঙ্গে উৎসর্গের জন্য গান গেয়ে ধন্যবাদ দিতে পারে।
28গায়কদের আনা হয়েছিল জেরুশালেমের নিকটবর্তী জায়গা থেকে নটোফাতীয়দের সকল গ্রাম থেকে।
29বেথ-গিল্গল, গেবা ও অস্মাবৎ এলাকা থেকেও গায়কদের এনে জড়ো করা হল, কেননা এরা জেরুশালেমের চারপাশে এসব জায়গায় নিজেদের গ্রাম স্থাপন করেছিল।
30যাজকেরা ও লেবীয়েরা নিজেরা শুচি হয়ে লোকদের, দ্বারসকল ও প্রাচীর শুচি করল।