1ইস্রায়েলের উচ্চপদস্থ সব কর্মচারীকে দাউদ জেরুশালেমে সমবেত হওয়ার জন্য ডেকে পাঠালেন: বিভিন্ন গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, রাজার সেবায় নিযুক্ত বিভিন্ন বিভাগের সেনাপতিরা, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিরা, এবং রাজার ও তাঁর ছেলেদের অধিকারভুক্ত সম্পত্তি ও গৃহপালিত পশুপাল দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, ও তাদের সাথে সাথে প্রাসাদের কর্মকর্তারা, সৈন্যরা ও বীর যোদ্ধারাও ডাক পেয়েছিলেন।
2রাজা দাউদ নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন: “হে আমার সহকর্মী ইস্রায়েলীরা ও আমার প্রজারা, আমার কথা শোনো। মনে মনে আমি ঠিক করে রেখেছিলাম যে আমি সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের বিশ্রাম-স্থানরূপে এমন একটি ভবন তৈরি করব, যা হবে আমাদের ঈশ্বরের পা রাখার স্থান, এবং সেটি তৈরি করার পরিকল্পনাও আমি করে রেখেছিলাম।
3কিন্তু ঈশ্বর আমায় বললেন, ‘তুমি আমার নামের উদ্দেশে কোনও ভবন তৈরি করতে পারবে না, যেহেতু তুমি একজন যোদ্ধা ও তুমি রক্তপাতও করেছ।’
4“তবুও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু চিরকালের জন্য ইস্রায়েলের উপর রাজা হওয়ার জন্য আমার সমগ্র পরিবারের মধ্যে থেকে আমাকেই মনোনীত করলেন। নেতারূপে তিনি যিহূদাকে মনোনীত করলেন, এবং যিহূদা গোষ্ঠী থেকে তিনি আমার পরিবারকে মনোনীত করলেন, ও আমার বাবার ছেলেদের মধ্যে থেকে আমাকেই তিনি খুশিমনে সমগ্র ইস্রায়েলের উপর রাজা করলেন।
5আমার সব ছেলের মধ্যে থেকে—আর সদাপ্রভু তো আমাকে বেশ কয়েকটি ছেলে দিয়েছেন—ইস্রায়েলের উপর সদাপ্রভুর রাজ্যের সিংহাসনে বসার জন্য তিনি আমার ছেলে শলোমনকেই মনোনীত করেছেন।