9অতএব এলি শমূয়েলকে বললেন, “তুমি ফিরে গিয়ে শুয়ে পড়ো, আর যদি তিনি আবার তোমায় ডাকেন, তুমি বোলো, ‘সদাপ্রভু, বলুন, কারণ আপনার দাস শুনছে।’ ” অতএব শমূয়েল ফিরে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল।
10সদাপ্রভু এসে, সেখানে দাঁড়িয়ে অন্যান্যবারের মতো এবারও ডাক দিয়ে বললেন, “শমূয়েল! শমূয়েল!” তখন শমূয়েল বলল, “বলুন, কারণ আপনার দাস শুনছে।”
11সদাপ্রভু শমূয়েলকে বললেন: “দেখো, ইস্রায়েলের মধ্যে আমি এমন কিছু করতে যাচ্ছি যা শুনে প্রত্যেকের কান ভোঁ ভোঁ করবে।
12আমি এলির পরিবারের সম্বন্ধে যা যা বলেছি, সেই সময় আমি এলির প্রতি—শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক তাই ঘটাব।
13কারণ আমি তাকে বলেছি যে তার জানা পাপের কারণে আমি চিরতরে তার পরিবারের বিচার করতে চলেছি; তার ছেলেরা ঈশ্বরনিন্দা করেছে, আর সে তাদের শাসন করতে ব্যর্থ হয়েছে।